মিস ইন্ডিয়া অর্গানাইজেশন এবং এনিগমার যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হল ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ২০২৭’। আগামী তিন বছরের জন্য এনিগমাকে এই প্রতিযোগিতার একমাত্র রাজ্য লাইসেন্সপ্রাপ্ত সংস্থা হিসেবে নিযুক্ত করা হয়েছে।
কলকাতার হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেমিনা মিস ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ২০২৬-এর বিজয়ী মোহনা পাণ্ডে, ফেমিনা মিস ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ২০২০-এর মৌলি হালদার, এনিগমার ডিরেক্টর নীরজপ্রিয়া দাশ এবং আয়োজক সংস্থা অ্যারিজ ইভেন্টসের প্রতিষ্ঠাতা কৃতিকা ও আনন্দিতা।
এই উদ্যোগের মাধ্যমে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান তরুণীদের জাতীয় স্তরে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেওয়া হবে। প্রতিযোগিতার জন্য নিবন্ধন ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী ডিসেম্বর ২০২৬-এ রাজ্যজুড়ে বাছাই পর্ব এবং ২০২৭ সালের জানুয়ারিতে কলকাতায় গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিজয়ী জাতীয় স্তরে ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৭ প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করবেন।
প্রতিযোগিতার সহযোগী হিসেবে ইতিমধ্যেই যুক্ত হয়েছে কাইরা জুয়েলজ (প্রেজেন্টিং বাই), ঠাকুরায়িন (সহ-আয়োজক স্পনসর) এবং ভবানীপুর স্কুল অফ ইভেন্ট ম্যানেজমেন্ট (পার্টনার)। আয়োজকদের আশা, এই মঞ্চ বাংলার তরুণীদের স্বপ্নপূরণ এবং জাতীয় পরিচিতি অর্জনের নতুন দিশা দেখাবে।

