নতুন বাংলা সিনেমা ‘কুঞ্জাম কুঞ্জাম ভালোবাসা’ (Kunjam Kunjam Bhalobasha) এর শুটিং শুরু হওয়া নিয়ে টলিউডে বেশ চর্চা চলছে। সম্প্রতি বৃহস্পতিবার প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। ও এই চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এটি পশ্চিমবঙ্গ ও দক্ষিণ ভারতের একটি যৌথ প্রযোজনার উদ্যোগ। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতের উদীয়মান ও প্রতিশ্রুতিশীল অভিনেতা উদয় এবং পশ্চিমবঙ্গের রিয়া মণ্ডল। চলচ্চিত্রটি পরিচালনা করছেন অনিন্দ্য সাগর, আর সৃজনশীল পরিচালক (ক্রিয়েটিভ ডিরেক্টর) হিসেবে থাকছেন সঞ্জয় নস্কর। কাহিনি ও সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সুভাষ দে।
চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন ওয়াই ভি লক্ষ্মীনারায়ণ, যিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে বেশ পরিচিত মুখ। তিনি সেখানে অনেক নামী অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। নাচ পরিচালনার দায়িত্বে আছেন ভাল্লাম কালাধর এবং অ্যাকশন বা স্টান্ট পরিচালক হিসেবে থাকছেন নন্দু। দক্ষিণ ভারতের অংশের প্রোডাকশন ম্যানেজার সাই কাটাকালা এবং জনসংযোগ কর্মকর্তা (পিআরও) ধীরাজ আপ্পাজি। পশ্চিমবঙ্গের অংশের প্রোডাকশন কন্ট্রোলার সোমা, যিনি পুরো প্রযোজনার দায়িত্বে রয়েছেন; তাঁর সহায়তায়ই এই প্রকল্পটি বাস্তবায়িত হওয়া সম্ভব হয়েছে।
চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেবাশিস সেনগুপ্ত। ছবিটি প্রযোজনা করছেন পাটনাম বিজয়, পাটনাম হেমালাতা ও অশোক মহন্ত। উপস্থাপনায় রয়েছে উদয় ক্রিয়েশন্স এবং শীতল ফিল্মস প্রোডাকশন্স।
এটি দক্ষিণ ভারতের এক যুবকের গল্প, যে এক বাঙালি মেয়ের প্রেমে পড়ে—সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ‘কুঞ্জাম কুঞ্জাম’ শব্দটির অর্থ ‘একটু একটু’; এটি একটি তামিল শব্দ। ভিন্ন সংস্কৃতির দুই তরুণ-তরুণী কীভাবে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে একে অপরের কাছাকাছি আসে, তা নিয়েই এই কাহিনি।
ছবিটিতে মোট চারটি গান রয়েছে, যার মধ্যে একটি গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু এবং সায়ন্তনী ঘোষ (জি বাংলার ‘সা রে গা মা পা’-এর ফাইনালিস্ট)। ডিসেম্বর মাসে কুমার শানুর গানটি রেকর্ড করার কথা রয়েছে। বাংলা ভাষায় নির্মিত এই চলচ্চিত্রটি পরবর্তীতে ৫-৬টি ভাষায় মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। জানুয়ারি মাস থেকে ছবিটির শুটিং শুরু হবে।

