গুরুতর রেটিনার রোগে আক্রান্ত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার লক্ষ্যে তৈরি তাদের পরীক্ষামূলক জিন থেরাপি মোজেনরি (MOGENRY – MCO-010)-এর সম্ভাবনার কথা তুলে ধরল ন্যানোস্কোপ থেরাপিউটিক্স। এটি একবার প্রয়োগযোগ্য একটি বিশেষ অপটোজেনেটিক জিন থেরাপি, যা কোনও নির্দিষ্ট জিনের উপর নির্ভরশীল নয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ, গবেষক এবং শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ক্রমশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা রোগীদের চিকিৎসায় জিন থেরাপির নতুন অগ্রগতি এবং তার সম্ভাবনা নিয়ে তাঁরা আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইওএস-এর প্রাক্তন সভাপতি এবং কলকাতার ত্রিনেত্রালয় আই হাসপাতাল ও নেত্রালয়মের অধিকর্তা ডাঃ পার্থ বিশ্বাস, ন্যানোস্কোপ থেরাপিউটিক্সের সভাপতি, প্রধান বৈজ্ঞানিক আধিকারিক ও সহ-প্রতিষ্ঠাতা ডাঃ সমরেন্দ্র মহান্তি, কটকের জেপিএম রোটারি আই হাসপাতালের ভিট্রিও-রেটিনাল সার্জন ও প্রধান চিকিৎসা আধিকারিক ডাঃ সন্তোষ মহাপাত্র এবং ন্যানোস্কোপ থেরাপিউটিক্সের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা সুলগ্না ভট্টাচার্য।
কটকের জেপিএম রোটারি আই হাসপাতালে পরিচালিত প্রথম পর্যায়ের ১/২এ পাইলট গবেষণার প্রধান গবেষক ডাঃ সন্তোষ মহাপাত্র এই পরীক্ষামূলক চিকিৎসার কার্যকারিতা এবং দীর্ঘমেয়াদি সুরক্ষা সংক্রান্ত তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন।
এই প্রসঙ্গে এআইওএস-এর প্রাক্তন সভাপতি ডাঃ পার্থ বিশ্বাস বলেন, “রেটিনাইটিস পিগমেন্টোসার মতো রোগ চক্ষু চিকিৎসার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। এই রোগে চোখের আলোক-সংবেদনশীল কোষগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এর ফলে দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে রোগী সম্পূর্ণ অন্ধও হয়ে যেতে পারেন। অপটোজেনেটিক জিন থেরাপির মতো নতুন চিকিৎসা পদ্ধতি চক্ষু চিকিৎসার ক্ষেত্রে নতুন আশার আলো দেখাচ্ছে। মোজেনরির বিশেষত্ব হল, এটি কোনও একটি নির্দিষ্ট জিনগত পরিবর্তনের উপর নির্ভরশীল নয়। ফলে রোগের জন্য দায়ী জিনগত পরিবর্তন ভিন্ন হলেও রোগীরা এর থেকে উপকৃত হতে পারেন। যদিও এখনও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া বাকি, তবুও এই ধরনের বৈজ্ঞানিক অগ্রগতি সেই সমস্ত রোগীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, যাঁদের কাছে বর্তমানে চিকিৎসার সুযোগ খুবই সীমিত।”
মোজেনরি একটি নতুন অপটোজেনেটিক পদ্ধতিতে কাজ করে, যা রেটিনার অবশিষ্ট সুস্থ কোষগুলিকে আলোর প্রতি সংবেদনশীল করে তুলতে সাহায্য করে। প্রচলিত জিন থেরাপিতে যেখানে নির্দিষ্ট ত্রুটিপূর্ণ জিন সংশোধনের চেষ্টা করা হয়, সেখানে এই চিকিৎসায় একবারের ইঞ্জেকশনের মাধ্যমে আলোক-সংবেদনশীল জিন রেটিনার অবশিষ্ট কোষগুলিতে পৌঁছে দেওয়া হয়। এর ফলে ওই কোষগুলি আলো শনাক্ত করে মস্তিষ্কে দৃশ্যসংক্রান্ত সংকেত পাঠাতে সক্ষম হতে পারে। এই পদ্ধতি ক্ষতিগ্রস্ত আলোক-সংবেদনশীল কোষগুলির কাজের ঘাটতি পূরণে সাহায্য করতে পারে।
রেটিনাইটিস পিগমেন্টোসা (আরপি) একটি বংশগত রেটিনার রোগ। এই রোগে ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে যায় এবং শেষ পর্যন্ত অন্ধত্ব দেখা দিতে পারে। বিশ্বে প্রতি ৪,০০০ জনের মধ্যে প্রায় একজন এবং ভারতে প্রতি ১,০০০ জনের মধ্যে প্রায় একজন এই রোগে আক্রান্ত। তাই এই রোগের কার্যকর চিকিৎসার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডাঃ সমরেন্দ্র মহান্তি এবং ন্যানোস্কোপ থেরাপিউটিক্সের তাঁর দল রেটিনার বিভিন্ন রোগের চিকিৎসায় অপটোজেনেটিক পদ্ধতির উন্নয়নে কাজ করে চলেছেন। সংস্থার গবেষণা এবং চিকিৎসা সংক্রান্ত পরীক্ষামূলক উদ্যোগ এমন সব রোগের চিকিৎসায় জিন-ভিত্তিক প্রযুক্তির সম্ভাবনাকে তুলে ধরছে, যেগুলির ক্ষেত্রে এতদিন চিকিৎসার সুযোগ ছিল সীমিত।
এই অনুষ্ঠানের মাধ্যমে গুরুতর রেটিনার রোগে আক্রান্ত মানুষের জন্য নতুন চিকিৎসার সম্ভাবনা তৈরি করতে বৈজ্ঞানিক উদ্ভাবন, চিকিৎসা সংক্রান্ত গবেষণা এবং আধুনিক জিন থেরাপির গুরুত্ব তুলে ধরা হয়।

